অক্টোবর ৯, ১৯৭১
Posted by সময়ের প্রয়োজনে ... on Saturday, October 9, 2010
রংপুর জেলার হলিদাবাড়ী অঞ্চলের রাজাকার কমান্ডার হাবিবুর রহমান বিপুল অস্ত্রশস্ত্রসহ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
গাইবান্ধা অঞ্চলরে বিপুর সংখ্যক রাজাকার মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অঙ্গীকারাবদ্ধ হয়।
# ভূটান সীমান্ত সংলগ্ন মূর্তি শিবিরে ১৪ সপ্তাহের
বাংলাদেশ যুদ্ধ-কোর্স সমাপনকারী প্রথম ব্যাচের সেনা অফিসারদের পাসিং-আউট
প্যারেড অনুষ্ঠিত হয়। ৬১ জন তরুণ যোদ্ধা এই প্রশিক্ষণ লাভ করেন এবং
ক্যাডেট অফিসার সাঈদ আহমেদ প্রধান সেনাপতির ছড়ি লাভের ...সম্মান
অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি.
ওসমানীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।# ভারতের সিমলায় অল ইন্ডিয়া কংগ্রেসর সম্মেলনে উদ্বোধনী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যে কোনো ধরনের পরিস্থিতিতে তাঁর সরকার বাংলাদেশ প্রশ্ন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। ভারত বাংলাদেশের শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠাতে চায়।
# খুলনা জেলায় মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে। এই আক্রমণে পাকবাহিনীর একজন অফিসারসহ ১০ জন সৈন্য নিহত ও অনেকে গুরুতর আহত হয়। মুক্তিযোদ্ধারা পাকসেনাদের কাছ থেকে অনেক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দখল করে।
# ৮নং সেক্টরের বানপুর সাব-সেক্টরে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা পাকসেনাদের এক প্লাটুন সৈন্যকে কুশডাঙ্গায় এ্যামবুশ করে। এই এ্যামবুশে পাকবাহিনীর ১১ জন সৈন্য নিহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা আহত হন।
# পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান এক ঘোষণায় ৭৬ নং সামরিক বিধি তুলে নিয়ে ৯৪ নং সামরিক বিধি জারি করে। এ আদেশে পাকিস্তানের সংহতি ও অখন্ডতা বা আদর্শের পক্ষে ক্ষতিকর প্রচার বা কার্যক্রমের ওপর বিধি নিষেধ আরোপ করে রাজনৈতিক তৎপরতা থেকে বিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গত ২০ মার্চ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
# জাতিসংঘে পাকিস্তানী প্রতিনিধি দলের সদস্য শাহ আজিজুর রহমান বলেন, ভারতে চলে যাওয়া শরণার্থীদের সংখ্যা ৯০ লাখ নয়, ২০ লাখের সামান্য কিছু বেশি।
# মুসলিম লীগ (কাইয়ুম) প্রধান, খান আবদুল কাইয়ুম খান ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের আদর্শে অবিশ্বাসী শিক্ষকদের চাকুরিচ্যুত, যুবকদের বাধ্যতামূলক রাজাকার বাহিনীতে যোগদানের ব্যাবস্থা ও শ্রমিকদের পরিবর্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকারদের কল-কারখানায় নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করেন।
# নির্বাচনের কমিশনের এক প্রেস নোটে জানানো হয়, পূর্বঘোষিত উপ-নির্বাচনের মনোয়নপত্র ২০ অক্টোবর এবং বাকিগুলোর মনোয়নপত্র ১ নভেম্বর জমা দিতে হবে।