অক্টোবর ৫, ১৯৭১
Posted by সময়ের প্রয়োজনে ... on Monday, October 4, 2010
-
কুমিল্লার উত্তরে মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধারা
আজনাপুর ও জামবাড়ি এলাকায় পাকসেনাদের কয়েকটি টহলদার দলকে আক্রমণ করে।
এতে পাকবাহিনীর ১৫জন সৈন্য নিহত ও ২০ জন আহত হয়। অপরদিকে একজন বীর
মুক্তিযোদ্ধা শহীদ ও একজন আহত হন।
-
সিলেটে
মুক্তিবাহিনীর ২০ সদস্যের একটি মুক্তিযোদ্ধাদল কুমারসাইল গ্রামে এ্যামবুশ
করে। পাকসেনাদের একটি দল এ্যামবুশের আওতায় এলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর
অতর্কিত আক্রমণ চালায়। এই সংঘর্ষে ৪ জন পাকসেনা নিহত হয়।
-
ঢাকা
স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনীর গেরিলা দল পাকসেনাদের একটি জীপের ওপর
আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর দু'জন অফিসার নিহত ও জীপটি বিধ্বস্ত হয়।
-
মুক্তিবাহিনীর
খুলনার পীরগাছায় পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়। এই
অভিযানে পাকবাহিনীর একজন জুনিয়র অফিসারসহ তিনজন সৈন্য নিহত হয়।
-
২নং সেক্টরে মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারা নয়নপুরে পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে ৫ জন পাকসৈন্য নিহত হয়।
-
মুক্তিবাহিনী সিলেটের সুনামগঞ্জ এবং সাচনার মধ্যেকার টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে পাকসেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
-
গোলাম
আযমের সভাপতিত্বে জামায়াতে ইসলামী মজলিসে শুরার তৃতীয় দিনের বৈঠক
অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ও প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচন পরিচালনার
জন্য গোলাম আযমের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেনঃ নুরুজ্জামান, আবদুল খালেক, গোলাম সারওয়ার,
শফিকুল্লাহ।
-
কাউন্সিল
মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.এম. শফিকুল ইসলামসহ কয়েকজন
স্বাধীনতাবিরোধী পশ্চিম পাকিস্তান যান। জানা যায়, তারা পাকিস্তানের পক্ষে
বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য কানাডাসহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ সফর
করবেন।