• ভালুকা থানার বিরুনিয়া গ্রামে পাকসেনারা লুটতরাজ ও অগ্নিসংযোগ আরম্ভ করলে চানমিয়া কোম্পানীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অধিনায়ক আফসার পাকবাহিনীকে আক্রমণ করে। ২ ঘন্টা গুলি বিনিময়ে ৫ জন পাকসেনা আহত হয়।

  • ২নং সেক্টরে সুবেদার গোলাম আম্বিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল পাক হানাদার বাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ৩ জন সৈন্য নিহত হয়।

  • ৮নং সেক্টরের বনগাঁও সাবসেক্টরে পাক হানাদার বাহিনী ২" মর্টারের সাহায্যে মুক্তিবাহিনীর সাদিপুর ঘাঁটি আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে পাকসেনা বাহিনীর ২ জন সৈন্য নিহত ও ৫০ জন আহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর ১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

  • ৮নং সেক্টরের বয়রা সাব সেক্টরে মুক্তিবাহিনর একদল যোদ্ধা পাকবাহিনীর বোর্ণী ঘাঁটি আক্রমণ করে। এই সংঘর্ষে হতাহতের কোন খবর জানা যায়নি। ১ জন রাজাকার ১টি ৩০৩ রাইফেলসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্থন করে।

  • বাংলাদেশ ফোর্স হেডকোয়ার্টার মুজিবনগর থেকে প্রকাশিত ওয়ার বুলেটিন এ বলা হয়ঃ
    কুমিল্লা দাউদকান্দি সড়কে মুক্তিবাহিনীর এ্যামবুশ দলের পুঁতে রাখা মাইন বিস্ফোরণের পাক হানাদার বাহিনীর একটি ট্রাক বিধ্বস্ত হয়। এতে পাকবাহিনীর ৬ জন সৈন্য নিহত হয়।


  • জাতিসংঘ দিবসে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরদার শরণ সিং তাঁর বক্তব্যে বাংলাদেশের শরণার্থীদের সমস্যা সমাধান এবং তাঁরা যাতে সম্মান, স্বাধীনতা ও নিজেদের স্বকীয়তা নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

  • ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সপ্তাহব্যাপী বেলজিয়াম, অস্ট্রিয়া, বৃটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও পশ্চিম জার্মানী সফরের শুরুতে ব্রাসেলস পৌঁছান।

  • জাতিসংঘের পাকিস্তানী প্রতিনিধি দলের সদস্য শাহ আজিজুর রহমান বলেন, কল্পিত বাংলাদেশ আজ বিলীন হতে চলেছে। এটা এখন আর কোন পরীক্ষার বিষয় নয়।

  • পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে মধ্যপ্রাচ্য সফরের শুরুতে কায়েরো পৌঁছান।