• ২নং সেক্টরে পাকবাহিনীর একটি শক্তিশালী দল মুক্তিযোদ্ধাদের অনন্তপুর ও ধানীকুন্ডা অগ্রবর্তী অবস্থানের দিকে অগ্রসর হয়। পাকসেনারা ভারী কামান ও মর্টারের সাহায্যে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর প্রচন্ড গোলাবর্ষণ করে এবং সেই সঙ্গে পাক পদাতিক বাহিনীও আক্রমণ চালায়। পাকসেনারা মুক্তিযোদ্ধাদের অবস্থানের ৪০/৫০ গজের মধ্যে পৌঁছলে মুক্তিযোদ্ধারা হানাদারদের ওপর পাল্টা আক্রমণ চালায়। এতে ২৫/৩০ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর কয়েকজন বীর যোদ্ধা শহীদ হন। এই সংঘর্ষে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের চাপের মুখে অগ্রবর্তী ঘাঁটি পরিত্যাগ করে মূখ্য ঘাঁটিতে পিছু হটে। পাকসেনারা মুক্তিযোদ্ধাদের মুখ্য ঘাঁটির ওপরও আক্রমণ চালালে মুক্তিযোদ্ধারা গোলন্দাজ ও মর্টারের সাহায্যে তাদের প্রতিহত করে। এই আক্রমণে পাকসেনা মুক্তিবাহিনীর চাপের মুখে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এতে ৪০/৫০ জন পাকসেনা হতাহত হয়। মুক্তিবাহিনীর একজন বীর যোদ্ধা শহীদ ও ৫জন আহত হন।

  • সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি এক অনির্ধারিত সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লী আগমন করেন। তিনি ভারতের রাষ্ট্রপতি ভি.ভি. গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পৃথক আলোচনা বৈঠকে মিলিত হন। হ্যানয়ের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগের আগে তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য বর্তমান রুশ-ভারত সম্পর্কের ভিত্তিতে সম্ভাব্য সবরকম সাহায্য দেবে।


  • টাঙ্গাইলে মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এই সংঘর্ষে পাকসেনাদলের অধিকাংশ সৈন্য হতাহত হয়।

  • জামালপুরে মুক্তিবাহিনী কমলাপুর-বকশিগঞ্জ রাস্তার ওপর মাইন পুঁতে এ্যামবুশ করে। পাকসেনাদের একটি গাড়ী মাইনের উপর এলে মাইন বিস্ফোরণে গাড়ীটি ধ্বংস হয় এবং ৭ জন পাকসেনা নিহত ও ৬ জন আহত হয়।

  • ৮নং সেক্টরের বানপুর সাব-সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে গয়েশপুরে এ্যামবুশ করে। এই এ্যামবুশে ৫ জন পাকসেনা নিহত ও ৪ জন আহত হয়।

  • রায়পুর থানার টি.ভি. সেক্টরে অবস্থানরত পাকসেনাদের ওপর মুক্তিবাহিনীর গেরিলা দল অতর্কিত আক্রমণ চালায়। উভয়পক্ষের মধ্যে ৬ ঘন্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৫০ জন পাকসৈন্য ও ৬০/৭০ জন রাজাকার নিহত হয় এবং ৩৪ জন অবাঙালি ইপিআর ও রাজাকার আত্মসমর্পণ করে। অপরদিকে মুক্তিবাহিনীর ৭জন বীর যোদ্ধা শহীদ হন।

  • পাকিস্তান সরকার উপ-নির্বাচন সংক্রান্ত এক প্রেসনোট জারি করে। প্রেসনোটে প্রাদেশিক পরিষদের বাকি ৮৮টি শূন্য আসনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • মার্কিন সরকার উদ্বাস্তু পুনর্বাসনের নামে পাকিস্তান সরকারকে ১৫ কোটি ডলার সাহায্য দেয়ার জন্য কংগ্রেসের প্রতি আহবান জানান।